
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে সিলেটের ‘স্কলার্সহোম মেজরটিলা কলেজ’। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৮৬ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণদের মধ্যে ১০১ জন শিক্ষার্থী জিপিএ-৪ থেকে জিপিএ-৫-এর নিচে এবং ১৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৪-এর নিচে ফল অর্জন করেছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে পাসের হার ৯৬.৫%, ইংরেজি ভার্সনে ৮৮.৫%, মানবিক বিভাগে ৯৫% এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৫.৫%।
এবারের ফলাফলে স্বস্তির বিষয় হলো, অনুত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থীর কেউই একাধিক বিষয়ে অকৃতকার্য হয়নি। শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
ফলাফল প্রকাশের পরপরই তিনি বিভাগীয় প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে এক জরুরি পর্যালোচনা সভা করেন। সভায় শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিশ্লেষণ করে দুর্বল দিকগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট শিক্ষকদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সার্বিক ফলাফল নিয়ে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, ধারাবাহিক মূল্যায়ন, বিশেষ ক্লাস, মডেল টেস্ট এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে বছরজুড়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই ফলাফল এসেছে।”
তবে এই ফলে পুরোপুরি সন্তুষ্ট নন জানিয়ে তিনি আরও বলেন, “ফলাফলের বিশদ পর্যালোচনা করে অকৃতকার্য ১৪ জন শিক্ষার্থীকে বিশেষ প্রস্তুতির আওতায় আনা হবে, যাতে আগামী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করা যায়।”
শিক্ষার মানোন্নয়নে কলেজের অঙ্গীকার তুলে ধরে অধ্যক্ষ বলেন, “আমাদের লক্ষ্য কেবল পরীক্ষায় পাস করানো নয়; বরং মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। এই ফলাফলকে শিক্ষা হিসেবে নিয়ে আমরা ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে কাজ করে যাব।”
তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য রক্ষায় শিক্ষক, অভিভাবকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply