
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া (৪৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ইদুলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল হুদা ভূঁইয়া মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে। পেশায় তিনি একজন মুদি ও স্টেশনারি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মহাসড়কের ইদুলপুর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত লরি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. নূরুল মোস্তফা জানান, দুই ভাই একসঙ্গে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তার ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। দীর্ঘ সময় ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর দেখে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক অজ্ঞাত গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply