
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের হার নিয়ে শীর্ষে অবস্থান করছে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী অর্জন করেছে কাঙ্ক্ষিত জিপিএ-৫।
প্যাসিফিক জিন্সের সহযোগিতায় প্রতিষ্ঠিত বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজ (কলেজ শাখা) ২০২৩ সাল থেকে এইচএসসিতে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। শুধু সীতাকুণ্ড উপজেলাই নয়, এবার পুরো চট্টগ্রাম বোর্ডের মধ্যেও সেরা ফল করে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
কলেজের এমন অভাবনীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। শতভাগ পাসের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ লাভ প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও শিক্ষার্থীদের নিষ্ঠার চিত্র ফুটিয়ে তুলেছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত নিবিড় পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতাই এই সাফল্যের মূল চাবিকাঠি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল ইসলাম এই সফলতার জন্য শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধারাবাহিক সাফল্য নিয়ে তিনি বলেন, “২০২৩ সাল থেকে আমাদের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। এই অর্জনের পেছনে সকল শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি কলেজ প্রতিষ্ঠায় সহযোগিতাকারী ‘প্যাসিফিক জিন্স’ কর্তৃপক্ষের বিশেষ অবদান রয়েছে।”
প্রত্যাশিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিভাবকরা জানান, এইচএসসির এই ভালো ফলাফল সন্তানদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজের এই গৌরবে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগীরা এবং তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply