
সিলেট প্রতিনিধি:
আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি জবরদখলের মহোৎসব চলছে জালালিয়া আবাসিক এলাকা সংলগ্ন তারাপুর চা-বাগান এলাকায়। কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের মাত্র তিন দিনের মাথায়, রাতের আঁধারে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সেই উচ্ছেদকৃত স্থানে ফের ঘর নির্মাণ করে এক ব্যক্তিকে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি চিহ্নিত দখলবাজ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষের কাউকে ওই এলাকায় ঢুকতে দেখলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাগান সূত্র জানায়, সংরক্ষিত টিলা কেটে দেবোত্তর জমি প্লট আকারে বিক্রি ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অভিযান চালায় বাগান কর্তৃপক্ষ। সে সময় নির্মাণাধীন একটি অবৈধ ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে দখলদাররা আগেই সরে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযোগ উঠেছে, ওই উচ্ছেদ অভিযানের তোয়াক্কা না করে গত রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে বেপরোয়া তাণ্ডব চালায় স্থানীয় একটি ভূমিখেকো সিন্ডিকেট। স্থানীয় সূত্রগুলোর দাবি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন ও তার সহযোগী সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে জোরপূর্বক পুনরায় ঘরটি নির্মাণ করে। এরপর ওই জায়গায় মোহাম্মদ মইনুল নামের এক ব্যক্তিকে রাতেই ঘরে তুলে দেওয়া হয়।
বাগান কর্তৃপক্ষের অভিযোগ, চক্রটি শুধু দখলই নয়, বরং বাগান মালিক ও কর্মচারীদের ওই এলাকায় প্রবেশ করলে জীবননাশের প্রকাশ্য হুমকি দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply