
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— শিশু ইব্রাহিম (৬), রাকিব (৮), ফাতেমা আক্তার (৪০), আবুল হোসেন (৫০), আফসা (২৫) ও স্বপ্না (৩০)। নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি নেত্রকোনা জেলায়।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি মহাসড়কের কুমিরা রয়েল গেট এলাকা অতিক্রম করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বাসটি সড়কের পাশে থামিয়ে মেরামতের কাজ করা হচ্ছিল। এ সময় একইমুখী একটি পণ্যবাহী লরি পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। লরির ধাক্কায় বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর আহত ১০ যাত্রীকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় পরে আরও ১ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, “ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২ জন শিশু, ৩ জন নারী ও ১ জন পুরুষ রয়েছেন। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি উদ্ধার করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, বাস ও লরি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply