
কাইয়ুম চৌধুরীঃ
চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন থানায় রুজুকৃত মামলাসমূহের সার্বিক অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় সভায় সভাপতিত্ব করেন।
সভায় গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ ড্রাইভ পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়ে আসামিদের গ্রেফতারে জোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
ডাকাতি, খুন, দস্যুতা ও সম্পত্তি সংক্রান্ত গুরুতর মামলাগুলোর তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়। চিহ্নিত অপরাধীদের গতিবিধি নজরে রাখা এবং অপরাধীদের তালিকা হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পুলিশ সুপার।

দীর্ঘমেয়াদি ও তদন্তাধীন মামলাগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় প্রতিবেদন দ্রুত সংগ্রহ করে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এছাড়া, তদন্তকারী কর্মকর্তাদের কার্যক্রম, উদ্ধার অভিযান এবং গ্রেপ্তারসহ সার্বিক সাফল্য মূল্যায়ন করে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
জেলার সব পুলিশ ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জদের নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করে কর্মদক্ষতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়। পাশাপাশি, অপমৃত্যু মামলার ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত পেতে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার মহোদয় বলেন, “মামলার তদন্তের মানোন্নয়ন, দ্রুত আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, অস্ত্র-মাদক উদ্ধার এবং যথাসময়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।” তিনি প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা বজায় রাখার আহ্বান জানান।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সব থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply