
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০টি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে কদমরসুল কাঁচাবাজারের একটি লেপ-তোষকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বাজারের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন। এর পরপরই কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এর মধ্যেই বাজারের দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে মোট ৪০টি ছোট-বড় দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ফার্নিচারের দোকান, মুদি দোকান, হার্ডওয়্যার দোকান, সেলুন, দুটি ফার্মেসি ও চায়ের দোকান। এতে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার এবং সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মেম্বার। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, আগুনে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, “কদমরসুল বাজারে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।”
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply