
সীতাকুণ্ড প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, আত্মপরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময় অভিযাত্রার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। ধীরে ধীরে বিএনপি এদেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধির একমাত্র বিশ্বস্ত ঠিকানার পাশাপাশি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, এফসিএ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌর সদরে অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল র্যালি ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করে আপসহীন নেত্রীর উপাধি পেয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে অনন্য অনুকরণীয় রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছিল।
শহীদ জিয়া ও বেগম জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশকে পুনরায় স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করেছেন। তাঁর মেধাবী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মানবিক ও পরিবর্তিত রাজনীতির রোল মডেলে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, পৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, দিদারুল ইসলাম মাহমুদ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চেয়ারম্যানসহ পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল র্যালি সীতাকুণ্ড পৌর সদর প্রদক্ষিণ করে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply