
চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা করছে রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা। অভিযোগ উঠেছে, তারা ভূমিহীনদের উচ্ছেদ করে অনৈতিকভাবে জমিটি একটি বেসরকারি কোম্পানির কাছে হস্তান্তর করতে চায়। তবে এ ধরনের যেকোনো উচ্ছেদ প্রচেষ্টা সীতাকুণ্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ প্রতিহত করবেন বলে ঘোষণা দিয়েছেন।
গতকাল বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীর নেতৃত্বে কয়েক শত নেতাকর্মী রেল কলোনির প্রতিটি ঘরে যান এবং বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা কলোনিবাসীদের সুখ-দুঃখ ও উচ্ছেদচেষ্টার কারণ মনোযোগ সহকারে শোনেন।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী কলোনিতে বসবাসকারী ভূমিহীন বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা পূর্বেও সীতাকুণ্ডেরই বাসিন্দা ছিলেন। বঙ্গোপসাগরে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার পর আপনারা জোড়আমতলে রেলের মালিকানাধীন এ পরিত্যক্ত জায়গায় যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। এখন আপনাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। সরকার বা রেল কর্তৃপক্ষের প্রয়োজনে আপনাদেরকেই এই জমি বন্দোবস্ত দিতে হবে, কোনো কোম্পানিকে নয়। আর যদি জোরপূর্বক উচ্ছেদ করতে আসে, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেবে। আমরা কোনো অন্যায় উচ্ছেদ মানব না; প্রয়োজনে তা প্রতিহত করা হবে।”
পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. তাহের, কুমিরা ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন, জামায়াত নেতা ফারুক মোনাদিন, মাওলানা মো. খালেদ এবং সোনাইছড়ি ও কুমিরা ইউনিয়নের জামায়াত-ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply