
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সুন্দর খাতা এলাকায় আশ্রয়দাতা মামার বিরুদ্ধে নিজের ভাগ্নিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত মামার নাম ময়েন আলী। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
ভুক্তভোগী তরুণী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক আবাসন সংকটের কারণে ওই তরুণী দীর্ঘ দিন ধরে তার মামা ময়েন আলীর বাড়িতে থেকে পড়াশোনা ও জীবনযাপন করছিলেন। কিন্তু সেই আশ্রয়দাতাই হয়ে ওঠেন লম্পট। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে মামা ময়েন আলী তাকে নানাভাবে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
ঘটনার দিন গত ২ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওই তরুণীর মামি পাশের বাড়িতে গেলে বাড়িতে একা পেয়ে ময়েন আলী তাকে টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে ওই তরুণী তীব্র প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ময়েন আলী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই তরুণীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ময়েন আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, “মেয়েটি অসহায় হয়ে আশ্রয় পাওয়ার আশায় মামার বাড়িতে ছিল। নিজের ভাগ্নির সঙ্গে এমন ন্যক্কারজনক কাজ করার সাহস তিনি কোথায় পেলেন? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠিন বিচার চাই।”
আশ্রয়দাতার এমন বিশ্বাসঘাতকতায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। লম্পট মামার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply