
সীতাকুণ্ড প্রতিনিধি:
সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিনের নির্দেশনায় কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিলটি কুমিরা বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার প্রদক্ষিণ করে রয়েল গেট রাস্তার মাথায় এসে এক পথসভায় মিলিত হয়। কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইব্রাহিম খলিল নিশান। মিছিলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় শত শত নারী অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে সারা দেশে ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করছেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম খলিল নিশান বলেন, “বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর ঘোষণা অনুযায়ী সীতাকুণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। বিগত সময়ে আমরা বাড়িতে থাকতে পারিনি, তবুও আমরা তাদের এলাকায় শান্তিতে থাকতে দিয়েছি। এখন কেউ সীতাকুণ্ডে অশান্তি বা শান্তি ভঙ্গের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, কঠিন জবাব দেওয়া হবে। আমরা এলাকায় শান্তি চাই।”
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply