
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে শিশুটির গতিরোধ করেন একই এলাকার বাসিন্দা অটোরিকশাচালক মাহবুব আলম (৩৩)। তিনি চকলেট ও চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে অটোরিকশায় তুলে নির্জন জঙ্গলে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। পরে তাকে আবার বিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছে দেওয়া হয়।
ঘটনার পর শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. জেসমিন আক্তার প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় ভুক্তভোগীর মা জাহেদা আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply