
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার চরম আকার ধারণ করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে শুধু চেয়ারম্যান পদেই নয়, প্রতিটি ওয়ার্ডেও এখন মুখোমুখি অবস্থান নিয়েছে দুই প্যানেল।
জানা গেছে, এই ইউনিয়নে জামায়াত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: আবদুল্লাহ আল মাসুদ। তিনি প্রতিটি ওয়ার্ডে নিজস্ব সদস্য (মেম্বার) প্যানেল নিয়ে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জামায়াতের অপর ত্যাগী কর্মী এইচ এম মাসুম (বি.এস.এস)।
শুধু চেয়ারম্যান পদে সীমাবদ্ধ না থেকে এইচ এম মাসুমও বাঁশবাড়ীয়ার প্রতিটি ওয়ার্ডে নিজস্ব প্যানেল থেকে সদস্য প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ফলে ইউনিয়নটির ওয়ার্ড পর্যায়েও একই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বিভাজন ছড়িয়ে পড়ছে।
স্থানীয় জামায়াত কর্মী ও সাধারণ ভোটারদের মতে, দুই প্যানেলের প্রার্থীরাই দলের ত্যাগী ও সক্রিয় মুখ। ফলে একই দলের দুটি পূর্ণাঙ্গ প্যানেল মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ায় নির্বাচন কেন্দ্রিক হিসাব-নিকাশ জটিল হয়ে উঠেছে।
এ নিয়ে স্থানীয় রাজনীতিতে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে
রাজপথের সহযোদ্ধাদের মধ্যে বিভেদ এত দূর পর্যন্ত কেন গড়াল?
ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই অনৈক্যের দায় আসলে কার?
নেতৃত্বের অদূরদর্শিতা ও সমন্বয়হীনতার কারণেই কি জামায়াতকে আজ দুটি পৃথক প্যানেল নিয়ে ভোটের মাঠে নামতে হচ্ছে?
নির্বাচনী মাঠে এই মুখোমুখি অবস্থান বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের রাজনৈতিক শৃঙ্খলা ও ভোটের ফলাফলে কতটা নেতিবাচক প্রভাব ফেলবে, এখন সেটিই দেখার বিষয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply