
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ ইয়াসিন আরাফাত নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে শিশুটি মারা যায়।
মৃত শিশু আরাফাত উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গামারীতলা গ্রামের (ডা. আলিমুল্লাহ্ বাড়ি) আবদুর রহমান রুবেলের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিশুটির চাচা মাওলানা মোঃ শাহাবউদ্দিন জানান, গত বৃহস্পতিবার আরাফাত জ্বরে আক্রান্ত হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে তাকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, সীতাকুণ্ডে এ পর্যন্ত ৪ শিশুসহ মোট ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply