
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে কমপ্লেক্সের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাইমুন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শুকলাল হাট (ভায়েরখীল) এলাকার মোঃ লোকমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইমন কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুতের তার চুরি করতে যান বলে অভিযোগ রয়েছে। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে কমপ্লেক্সের ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, ভোরে বাড়বকুণ্ড কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুন নামের এক যুবক মারা যান বলে খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply