
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার রাজবাড়ী রেস্টুরেন্টে গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব আব্দুল করিম (টিপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার এনসিপির সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান। চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল আলম খোকনের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমরান খান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম টিপু বলেন, “সাধারণ মানুষ কেন এনসিপি করবে এবং এনসিপি কোন পন্থী রাজনীতি করে—এই প্রশ্ন আজ অনেকের মনে আসতেই পারে। ঐতিহ্যবাহী ও পুরনো রাজনৈতিক ধারার বাইরে নতুন নেতৃত্ব ও সংস্কারের প্রত্যাশায় সাধারণ মানুষ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে।” তিনি আরও বলেন, “এনসিপি কোনো বিশেষ গোত্র বা গোষ্ঠীর নয়, এটি সম্পূর্ণ বাংলাদেশপন্থী রাজনীতি করে।”

মতবিনিময় সভায় সীতাকুণ্ড উপজেলার স্থানীয় তরুণ, বয়োজ্যেষ্ঠ এবং বিভিন্ন পেশায় নিয়োজিত নতুন সংগঠকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁরা দলের ভবিষ্যৎ কর্মপন্থা, সাংগঠনিক কার্যক্রম এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিষয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতার আলোকে অবিলম্বে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান। তাঁরা বলেন, সীতাকুণ্ডে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের সমন্বয়ে কমিটি গঠন করা জরুরি।
এ সময় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ অতি অল্প সময়ের মধ্যে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হবে মর্মে নেতাকর্মী ও সংগঠকদের আশ্বস্ত করেন।
উপস্থিত অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সঠিক ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে সীতাকুণ্ডে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply