
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম র্যাব-৭ সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪২) নামের এক যাত্রীকে আটক করেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, বুধবার রাতে র্যাব-৭ ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ শহিদুল ইসলামকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
র্যাব-৭-এর মিডিয়া উইং জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ফেনীগামী ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাসের যাত্রী শহিদুল ইসলামের কাছে থাকা দুটি কোর্ট ফাইল দেখে সন্দেহ হয়। পরে ফাইলগুলো খুলে ভেতরে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে র্যাব জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply