
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এযাবৎ চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে মারা গেছে কোরবান আলী রিফাত (১৭)। সে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে।
মঙ্গলবার ভোর চারটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে রিফাত জ্বরে আক্রান্ত ছিল। সোমবার সকালে তাকে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে রেফার করেন। মাত্র চার দিন জ্বরে ভুগে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১০ দিনের ব্যবধানে সীতাকুণ্ডে দুই শিশুসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৮ সেপ্টেম্বর একই ইউনিয়নের ফুলতলা গ্রামে মো. মোজাহিদুল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। ১৫ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রাফসান নামের এক যুবকের মৃত্যু হয়। এছাড়া ১৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার পাঁচ বছর বয়সী শিশু সিরাজুল মনিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চট্টগ্রামের সিভিল সার্জনের তথ্য অনুসারে, বর্তমানে সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪২৭ জন। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতেও শুরু করেছেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply