Categories: জাতীয়

ভূরুঙ্গামারীতে শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচের অভিযোগ: প্রধান শিক্ষকদের সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও উৎকোচ দাবির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বরাদ্দকৃত প্রকল্পের টাকা উত্তোলনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ভুক্তভোগী প্রধান শিক্ষকরা কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান) প্রকল্পের আওতায় ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৫ হাজার থেকে ২২ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। ভ্যাট কর্তনের পর প্রতিটি বিদ্যালয়ের ১২ থেকে ১৯ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম সমুদয় টাকা নিজের অ্যাকাউন্টে তুলে নেন। অভিযোগ রয়েছে, প্রতিটি বিদ্যালয়ের কাছ থেকে ১ হাজার ৪০০ টাকা করে উৎকোচ নিয়ে তিনি মাত্র ২৮-৩০টি বিদ্যালয়ে টাকা প্রদান করেছেন। যারা উৎকোচ দিতে পারেননি, তাদের টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে।

​এ ছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য বিদ্যালয়প্রতি ৭ হাজার ৬০০ টাকা বরাদ্দ থাকলেও ৫ শত টাকা করে উৎকোচ নিয়ে চেক প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এখানেও ৩০টি বিদ্যালয়ের টাকা উৎকোচ না দেওয়ায় আটকে রাখা হয়েছে।

​গত ২০২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র মেরামতের জন্য ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হলেও শিক্ষা অফিসার পুরো টাকা নিজের অ্যাকাউন্টে জমা করেন। অভিযোগ রয়েছে, প্রতিটি বিদ্যালয়ের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা উৎকোচ দাবি করা হয়েছে। উৎকোচ না দেওয়ায় সেই টাকা এখনো শিক্ষা অফিসারের অ্যাকাউন্টে জমা রয়েছে।

​এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ভোটহাট ও দক্ষিণ চর-ভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত বাবদ ১ লক্ষ করে টাকা বরাদ্দ এলেও বিদ্যালয়ে কোনো অর্থ প্রদান না করে পুরোটাই আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, উপজেলার ৩৯ জন নৈশ প্রহরীর ২ লক্ষ টাকার বেতন বরাদ্দ থেকেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উৎকোচের বিনিময়ে মাত্র ২-৩ জনকে বেতন দেওয়া হয়েছে, বাকিদের টাকা ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক জানান, তারা নিয়ম অনুযায়ী ভাউচার দাখিল করলেও বিভিন্ন ত্রুটির কথা বলে হয়রানি করা হচ্ছে। যারা শিক্ষা অফিসারের দাবি অনুযায়ী উৎকোচ দিচ্ছেন, কেবল তারাই টাকা পাচ্ছেন।

​সরেজমিনে জানা যায়, উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম নিয়মিত অফিসে না এসে রংপুর থেকে যাতায়াত করেন। তিনি সপ্তাহে মাত্র তিন দিন (সোম, মঙ্গল ও বুধবার) অফিস করায় শিক্ষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

​অভিযোগের বিষয়ে জানতে উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাংবাদিক পরিচয় পেয়ে তিনি হ্যালো বলে ফোন কেটে দেন এবং পরে আর ধরেননি।

​জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমি উপজেলা শিক্ষা অফিসারকে দ্রুত অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছি এবং স্লিপের টাকা ও ভোটকেন্দ্র মেরামতের টাকা বিদ্যালয়ের অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ প্রদান করেছি।”

​এ বিষয়ে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “আমি হোয়াটসঅ্যাপে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খোজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…

4 hours ago

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

6 hours ago

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: ​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…

6 hours ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

1 day ago

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…

1 day ago

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…

1 day ago

This website uses cookies.