
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রাম-৪ আসনের ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের বাড়িতে হামলা ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে সীতাকুণ্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঘটনাটি সরেজমিনে তদন্ত করতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। তদন্তে দেখা যায়, বৃহস্পতিবার (গতরাত) দিবাগত রাতে যে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে, সেটি মূলত ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের পর দুর্বৃত্তদের আগুনে পুড়ে গিয়েছিল।
পুলিশ জানায়, আগে থেকেই পুড়ে যাওয়া এবং মরিচা ধরা সেই পুরনো গাড়িটির ওপর পলিথিন দিয়ে ঢেকে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা এক মিনিটের মধ্যেই পুড়ে যায়। এরপর বাড়িতে হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার মিথ্যাচার করে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন সাবেক এমপি মামুনের ব্যক্তিগত সহকারী (পিএস) মারুফ।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, বেশ কয়েকটি মামলার আসামি পিএস মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা সংবাদ প্রচার করায় তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। সীতাকুণ্ডের কোথাও কারো বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply