
দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, ঢাকা রমনা কালী মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস। শুক্রবার (৩ জুলাই) সকালে তিনি একদল পুণ্যার্থীর সঙ্গে মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
পরিদর্শনকালে অপর্ণা রায় দাস মন্দিরের অনন্য টেরাকোটা শিল্পকর্ম, নান্দনিক স্থাপত্যশৈলী এবং সমৃদ্ধ ইতিহাস গভীর মনোযোগ দিয়ে প্রত্যক্ষ করেন। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের এই স্থাপনাটি দেখে তিনি অভিভূত হয়ে বলেন, কান্তজিউ মন্দির কেবল ধর্মীয় কেন্দ্রই নয়, এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। দেশের অন্যতম এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এমপি মনজুরুল ইসলাম কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা তুলে ধরে বলেন, “আমাদের এই ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সরকার এবং স্থানীয়ভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপর্ণা রায় দাসের এই আগমন আমাদের অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে।”
এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও পুণ্যার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন অতিথিরা। দেশের ঐতিহ্য রক্ষায় সচেতন মহলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply