
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের হলরুমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব সাইফুর রহমান রানা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন। তিনি বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আশা করছি, এই সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবারও ঘুরে দাঁড়াতে এবং নতুন উদ্যমে ব্যবসা শুরু করতে সহায়ক হবে।” তিনি এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবুল কালাম বাচ্চু ও কাশেম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply