
গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর এলাকার সুখনগর ৭ নম্বর গোডাউনের পূর্ব পাশে অবস্থিত নিউটন প্রিপারেটরি স্কুল সংলগ্ন সড়কটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে জানা যায়, ওই এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের পোশাক নষ্ট হওয়া এবং ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, দীর্ঘ দিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানে আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করলেও জলাবদ্ধতার কারণে তাদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণ অথবা বিদ্যমান ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নিতে হবে। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এবং শিক্ষার্থীসহ সর্বসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে গাইবান্ধা পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply