
চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার অব কাস্টমস মুহা. মাহবুবুর রহমান। বন্দর ব্যবহারকারীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসে কমিশনার মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে পোর্ট ইউজার্স ফোরাম, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পোর্ট ইউজার্স ফোরামের পক্ষ থেকে ১৪টি নির্দেশনা প্রত্যাহারের দাবিতে কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসনে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও লিখিত প্রস্তাব তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) ও বিজিএমইএর সাবেক পরিচালক এ এম মাহবুব চৌধুরী এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম সাইফুল আলমসহ কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বন্দর ব্যবহারকারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে কায়িক পরীক্ষণসংক্রান্ত জারিকৃত নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত দেন কাস্টমস কমিশনার। পাশাপাশি এ বিষয়ে কাস্টমস কর্মকর্তাদের জন্য একটি অভ্যন্তরীণ আদেশ জারির সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত আদেশটি সংশ্লিষ্ট তিনটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।
সভায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় কমানো, বাণিজ্য সহজীকরণ, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে শুল্কায়ন ও পণ্য খালাস প্রক্রিয়াকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply