
সীতাকুণ্ড প্রতিনিধি:
”মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সমাজ তৈরি করি”—এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জঙ্গল সলিমপুর ছিন্নমূল পাথরী ঘোনা ৮নং সমাজের মাদক নির্মূল কমিটির সদস্যরা।
এর আগে গত শুক্রবার পাথরী ঘোনা শাহ্ আমানত জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটির নাম ঘোষণা করেন ওসি মহিনুল ইসলাম।
এ সময় সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আলোচিত জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সড়কের দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার সাথে সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। খুব শীঘ্রই এই এলাকায় রাষ্ট্রের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু হবে, যার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে। একটি মহল সাধারণ মানুষকে উচ্ছেদের ভয় দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে এখানে কোনো উচ্ছেদ হবে না; বরং সাধারণ জনগণকে সাথে রেখেই উন্নয়ন করা হবে।”
মাদক নির্মূল কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি আরও বলেন, “সমাজের যুবক ও তরুণদের সঠিক পথে পরিচালিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই কমিটির সকল সদস্যকে সহযোগিতা করতে হবে।”
তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে সতর্ক করে তিনি মাদক কারবারি ও সেবনকারীদের তথ্য পেলে সাথে সাথে থানায় জানানোর অনুরোধ করেন। পাশাপাশি সীতাকুণ্ড মডেল থানার পক্ষ থেকে এই কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply