
স্বপন কুমার রায়:
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী সরকারি লাউডোব বাজুয়া কৈলাসগঞ্জ এলবিকে মহিলা ডিগ্রি কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন পরিবেশ ও নতুন বন্ধু-বান্ধবদের সঙ্গে পরিচিত হতে পেরে আনন্দিত ছিল নবাগত শিক্ষার্থীরা।
বরণের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ওরিয়েন্টেশন ও আলোচনা সভা। সরকারি এলবিকে মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান সরজিত কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এই তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই আমার প্রত্যাশা। একজন শিক্ষার্থীর জীবনে কলেজ পর্বের পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকেই জীবনের লক্ষ্য ঠিক করে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আগামীতে সফলতা অর্জন করা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরাপদ মণ্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়।

সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রভাষক রাধাকান্ত মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রভাষক মাহেবুর রহমান, গোবিন্দ চন্দ্র সরকার, শরীরচর্চা শিক্ষক বানী রায়, প্রভাষক ফজিলা খাতুন, সবুজ কান্তি শীল, রেখা রানী রায় ও চঞ্চল কান্তি পাইক। এছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন স্বপন কুমার জোয়ারদার, মাধবী মণ্ডল ও রাজশ্রী মণ্ডল।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply