
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল গেট সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা খায়। তীব্র সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন এবং হাইওয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন— জয়পুরহাটের জামালগঞ্জ এলাকার মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজি আক্তার (৬০) এবং তাঁর মেয়ে নাজমা খাতুন (৪২) (স্বামী: আসলাম হোসেন)।
দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ সংবাদদাতাকে জানায়, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে চলাচল স্বাভাবিক হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার সঠিক কারণ এবং হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply