
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়ামরা এলাকার একটি পুরোনো জাহাজ ভাঙা ইয়ার্ডের দক্ষিণ-পশ্চিম পাশের উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে জোয়ারের পানির সঙ্গে অজ্ঞাতপরিচয় এক ছেলে শিশুর মরদেহ ভেসে উপকূলে আসে। পরে স্থানীয়রা বিষয়টি কুমিরা নৌ পুলিশকে জানালে বিকেল সাড়ে তিনটার দিকে গাউছিয়া কমিটির টিম লিডার মো. নাছিরের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় ৭ থেকে ৮ দিন আগের।
এ বিষয়ে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ছমিউদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাগর উপকূল থেকে অর্ধগলিত অবস্থায় একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক তিন বছর। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply