
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস সিলিন্ডার ক্রসফিলিংয়ের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া গ্যাসের মূল্যতালিকা না থাকায় গাছবাড়িয়া দুর্লভপাড়া এলাকায় এক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ বর্মাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধ গুদামটি ভেঙে দেওয়া হয় এবং গ্যাস মজুদ ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করে পুলিশ।
দীর্ঘদিন ধরে হাশিমপুরের ছৈয়দাবাদ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে গুদামঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রসফিলিং (একটি থেকে অন্যটিতে হস্তান্তর) করে আসছিল একটি অসাধু চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ছৈয়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় চন্দনাইশ থানা পুলিশ সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রসফিলিংয়ের পর লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারে বিক্রি করা হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চরতী এলাকায় একটি অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রসফিলিং কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৭-৮ জন শ্রমিক নিহত হয়েছিলেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply