
চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ সক্রিয় সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ১ অক্টোবর রাত ১০টা থেকে ২ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য শাহেদুল ইসলাম (২০) (চন্দনাইশ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি), ছাত্রলীগের সক্রিয় সদস্য এহছান করিম জোবায়ের (২২), সাতবাড়িয়া দক্ষিণ হারলার মোহাম্মদ নাছির উদ্দীন এবং চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড হিজলীপাড়ার মো. ফজল করিম রিয়াদ (২৪)। এর মধ্যে মো. ফজল করিম রিয়াদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত কর্তৃক ১০০ টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহেদুল ও জোবায়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। আদালত মো. ফজল করিম রিয়াদকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply