
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য একটাই—কখনও ধরা পড়লে দারোয়ান বা পাহারাদারদের ওই জাল টাকা বুঝিয়ে ম্যানেজ করে পালিয়ে যাওয়া। কিন্তু শেষরক্ষা হয়নি, উল্টো এই নকল টাকাই কাল হলো সেই চোরের জন্য।
গত শনিবার রাতে সীতাকুণ্ডের শীতলপুর এলাকার একেএস ফ্যাক্টরিতে ঘটে এই অভিনব ঘটনা।
জানা যায়, ওই চোর তামা ও পিতল চুরি করে ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় দায়িত্বরত দারোয়ানের হাতে মালামালসহ ধরা পড়ে। এ সময় দ্রুত পকেট থেকে ৫০০ টাকার জাল নোটের ১৫ হাজার টাকা বের করে দারোয়ানকে দিতে চায় সে। কিন্তু বিষয়টি বুঝতে পেরে দারোয়ান তাকে টাকা ও চোরাই মালামালসহ আটক করে অফিসে বেঁধে রাখেন এবং কারখানার মালিকপক্ষকে খবর দেন। পরে খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চোর জানায়, রাতে চুরি করতে গেলে অনেক সময় ধরা পড়তে হয়। এ ধরনের বিপদ থেকে রক্ষা পেতেই সে দীর্ঘদিন ধরে এই জাল নোটগুলো সঙ্গে রাখে, যাতে গার্ড ও কর্মচারীদের ম্যানেজ করে পালিয়ে যাওয়া যায়।
ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাল নোট ও চোরাই মালসহ চোরকে পুলিশের হাতে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply