
উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনের জ্যোতিষ্মান নক্ষত্র, আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মেহনতি মানুষের নয়নমণি, 'মুকুটহীন সম্রাট' মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার ভূরুঙ্গামারীর ভাসানীনগরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানীর ওফাত বার্ষিকী পালিত হয়। সকালে পবিত্র কুরআন খতমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে মিলাদ মাহফিল, মাওলানা ভাসানীর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, মোনাজাত, তবারক বিতরণ, হালকায়ে জিকির এবং মারফতি ও মুর্শিদী ভক্তিমূলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত-অনুসারীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তাগণ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সয়াধানী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ১৭ নভেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট, আর তাঁর ডাকনাম ছিল 'ছেগা মিয়া'। তাঁর বাবার নাম হাজী শরাফত আলী খান এবং মায়ের নাম মজিরন নেছা। শৈশবে পিতা-মাতা উভয়কে হারিয়ে তিনি চাচা ইব্রাহিম খানের আশ্রয়ে বড় হন।
পরবর্তীতে তিনি সুফি সাধক নমিরুদ্দিন বোগদাদী (রহ.)-এর সান্নিধ্য লাভ করেন এবং তাঁর সহচর্যে ১৮৯৭ সালে প্রথম আসাম গমন করেন। ১৯২৪ সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসামের ভাসানচরে এক বিশাল কৃষক সম্মেলন করেন এবং সেখান থেকেই তিনি 'ভাসানী' উপাধি লাভ করেন।
ওরশ শরিফ পরিচালনা কমিটির সভাপতি ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি মো. মনির খান ভাসানী বলেন, "প্রতিবছর আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করে আসছি। বাড়ির সামনের এই পুকুরটি ভক্তদের সাথে নিয়ে আমার দাদু নিজ হাতে মাটি কেটে খনন করেছিলেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, যার নিদর্শন আজও বহন করছে বাড়ির বাইরের আঙিনার দরবার শরিফ ও মুসাফিরখানা। সেখানে সংরক্ষিত আছে তাঁর ব্যবহৃত একটি হাতল চেয়ার, একটি সিন্দুক ও একটি খাট। দাদুর সাদামাটা জীবনের এই স্মৃতিচিহ্নগুলো দেখে ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করেন।"
তিনি আরও বলেন, "আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মজলুম জননেতার ওরশ মোবারক অনুষ্ঠানসহ এই খানকার প্রতি সরকার সুদৃষ্টি দেবে বলে আমি আশাবাদী। মহান আল্লাহর কাছে প্রার্থনা, দাদুর এই ওফাত বার্ষিকী আমরা যেন প্রতিবছর আরও উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারি।"