
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদনে অপচয় ও পরিবেশদূষণ কমানো এবং পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত দুটি উপ-প্রকল্পের কার্যক্রমকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সম্প্রতি চট্টগ্রাম ও মীরসরাইয়ে প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম ঘুরে দেখে তারা এ মন্তব্য করেন।
পিকেএসএফ ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ইপসা ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন’ (স্মার্ট) প্রকল্পের আওতায় ‘প্লাস্টিক রিসাইকেল’ ও ‘পিসিকালচার’ নামে দুটি উপ-প্রকল্প বাস্তবায়ন করছে। এসব উপ-প্রকল্পের চলমান কাজ সরেজমিনে দেখতে আসেন প্রতিনিধিদলের সদস্যরা।
পরিদর্শনকালে বিশ্বব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন টাস্ক টিম লিডার কেইসুকে ইয়াদোমি, সামাজিক উন্নয়ন ও জেন্ডার বিশেষজ্ঞ সামিরা চৌধুরী, সিনিয়র সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. শরীফুল ইসলাম এবং পরিবেশ বিশেষজ্ঞ শার্লিন হোসেন। পিকেএসএফের পক্ষে অংশ নেন সহকারী মহাব্যবস্থাপক (সিইআরডি) ও স্মার্ট প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী মো. রওশন হাবিব এবং একই বিভাগের ব্যবস্থাপক আবু হায়াৎ মো. রাহাত হোসেন। ইপসার পক্ষে অতিথিদের স্বাগত জানান সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।
প্রতিনিধিদল প্রথমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন পরিবেশবান্ধব প্লাস্টিক রিসাইকেল উদ্যোগ ঘুরে দেখেন। পরে তারা মীরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় যান। সেখানে ক্লাস্টারভিত্তিক পরিবেশবান্ধব মাছ চাষ, সৌরশক্তিচালিত হ্যাচারি এবং ‘বটম ক্লিন’ পদ্ধতিতে মাছ চাষের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় প্রকল্পের আওতাভুক্ত উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। উদ্যোক্তারা প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক রিসাইকেল ও মাছ চাষে তাদের অগ্রগতি, অভিজ্ঞতা ও ব্যবসায়িক সম্ভাবনার কথা তুলে ধরেন এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
প্রকল্পের সার্বিক কার্যক্রম, অর্জন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা। বিশেষভাবে তারা উল্লেখ করেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ায় অপচয় ও পরিবেশদূষণ হ্রাস এবং পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে উপ-প্রকল্প দুটির উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
সংশ্লিষ্টদের মতে, বিশ্বব্যাংক ও পিকেএসএফ প্রতিনিধিদলের এ পরিদর্শন প্রকল্পের চলমান কার্যক্রম মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতেও এটি সহায়ক হবে।উল্লেখ্য, ইপসা শুরু থেকেই সম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন ও টেকসই উদ্যোক্তা উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।