
বাংলাদেশে লাখ লাখ মানুষ না জেনেই বছরের পর বছর ডায়াবেটিস নিয়ে বেঁচে আছেন। চোখ, কিডনি, হৃদপিণ্ড বা পায়ে জটিলতা দেখা দেওয়ার পর অনেকেই বিষয়টি জানতে পারেন। অথচ সময়মতো স্ক্রিনিং, দ্রুত চিকিৎসা এবং জীবনযাত্রার সহজ কিছু পরিবর্তনে ডায়াবেটিস প্রতিরোধ ও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিশ্ব ডায়াবেটিস দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য "Early action on diabetes" কে সামনে রেখে গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী), 'Experto ReWell'-এর সহযোগিতায় ১০ নভেম্বর ২০২৬ ঢাকার টেলিকম ভবনে "Act Early, Live Life Shukhee" শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।
গ্রামীণ হেলথটেকের চিফ টেকনোলজি অফিসার ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ সোলাইমান রাসেলের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। তিনি তাঁর বক্তব্যে গ্রামীণের বিস্তৃত কমিউনিটি নেটওয়ার্ক কীভাবে তৃণমূল পর্যায়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারে তা তুলে ধরেন।
প্রতিষ্ঠানের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী স্ক্রিনিং থেকে পরিমাপযোগ্য ফলাফল অর্জনে একটি সমন্বিত ও অভিন্ন প্রতিরোধমূলক স্বাস্থ্য ইকোসিস্টেমের রূপরেখা উপস্থাপন করেন। অন্যদিকে, Experto ReWell-এর সিইও মোহাম্মদ মইনুল হাকিম 'EverGreen Health™️', 'LinX CGM' ও 'Whole-Body Digital Twin' প্রযুক্তির সাহায্যে সাধারণ স্ক্রিনিং কীভাবে প্রিসিশন প্রিভেনশনে (সঠিক প্রতিরোধ সেবা) রূপ নিতে পারে তা প্রদর্শন করেন।
সেমিনারে বিশেষজ্ঞ সেশন পরিচালনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, বারডেমের পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ আমিন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু (উর্মি)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জালাল উদ্দিন (অব.) সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।