
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর বায়তুশ শরফ জামে মসজিদের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদের শত শত মুসল্লি এ কর্মসূচিতে অংশ নেন।
এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বর্তমান কমিটি বাতিল করে গ্রামবাসীর অংশগ্রহণে নতুন কমিটি গঠনের দাবি জানান। এ সময় তাঁরা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বায়তুশ শরফ থেকে গঠিত ১১ সদস্যের পরিচালনা কমিটিতে একই পরিবারের আটজনকে রাখা হয়েছে, যা তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। গ্রামবাসীর এ ধরনের পকেট কমিটি মেনে নেওয়া যায় না। মসজিদ পরিচালনায় গ্রামবাসীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে অবিলম্বে বর্তমান বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, মসজিদ একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। এর পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কোনো একটি পরিবারের একক প্রাধান্য নয়, বরং গ্রামবাসীর সম্মিলিত মতামতের ভিত্তিতে মসজিদ পরিচালনা করতে হবে।
কর্মসূচির শেষ পর্যায়ে মুসল্লিরা বর্তমান কমিটি বাতিল এবং দ্রুত নতুন কমিটি গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে ইমামনগর গ্রাম প্রদক্ষিণ করে টোবাকো গেটে গিয়ে শেষ হয়।