
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয় লোকজন নদীর পাড়ে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাটহাজারী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ছবি দেখে কেউ তাঁকে চিনতে পারলে হাটহাজারী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।