
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী (আনুমানিক ২৬ বছর) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়ক পারাপারের সময় ওই পথচারীকে জোনাকী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদামবিবিরহাট এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।