
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে আজ বুধবার থানায় মামলা করলে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ও অভিযুক্তরা হলেন— বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আকিলপুর গ্রামের মৃত দিলীপ ঘোষের পুত্র সঞ্জয় কুমার ঘোষ (৩৮), মীরেরহাট জাফরনগর মণ্ডল বাড়ির পাশের কালা মিয়ার পুত্র আলাউদ্দিন (৪০) এবং সৈয়দপুর ইউনিয়নের দুলাল মেম্বার বাড়ির সাহাবুদ্দিনের পুত্র রহিম উদ্দিন (২৫)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে তাঁর মায়ের সাথে বাসাবাড়িতে কাজের বুয়া/মালিনীর কাজ করেন। গত ২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মামলার ২ নম্বর আসামি আলাউদ্দিন ও ৩ নম্বর আসামি রহিম উদ্দিন তরুণীকে জোরপূর্বক অপহরণ করে সিএনজি/অটোরিকশায় তুলে জাফরনগর স্কুলের পাশে নিয়ে যান। পরবর্তীতে ২ নম্বর আসামি আলাউদ্দিন ১ নম্বর আসামি সঞ্জয় কুমার ঘোষকে মুঠোফোনে কল করে ঘটনাস্থলে ডেকে আনেন। সেখানে তারা তরুণীকে কুপ্রস্তাব দেন। তরুণী রাজি না হওয়ায় আলাউদ্দিন তাঁর সাথে থাকা গামছা দিয়ে তরুণীর মুখ বেঁধে ফেলেন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় তিনি বাড়িতে পৌঁছে স্বজনদের বিস্তারিত জানান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহমুদুল হাসান জানান, মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেফতার করে আজই জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।