
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কিল্লাপাড়ার কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া সাদিকা একের পর এক সাফল্যের পরাকাষ্ঠা দেখিয়ে ফের চমক দেখাল। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মর্যাদাপূর্ণ “সাধারণ বৃত্তি” অর্জন করেছে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী ছাত্রী। সাদিকা বর্তমানে গাছবাড়ীয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির (প্রথম বর্ষ) শিক্ষার্থী।
দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কিল্লাপাড়া এলাকার প্রবাসফেরত ব্যবসায়ী শামসুল ইসলাম ও স্কুল শিক্ষিকা মাসুমা আকতার দম্পতির সন্তান সাদিকা। পারিবারিক অনুশাসন ও শিক্ষার পরিবেশকে সঙ্গী করেই তার এই পথচলা।
চলতি ২০২৬ শিক্ষাবর্ষে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে অনন্য কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় সাদিকা। পরবর্তীতে তার দুর্দান্ত ফলাফলের গুণগত মান বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাকে সাধারণ বৃত্তির জন্য মনোনীত করে। উল্লেখ্য, চন্দনাইশ উপজেলা থেকে এ বছর মাত্র ১০ জন শিক্ষার্থী এই বৃত্তির তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে দোহাজারী পৌরসভার রয়েছে মাত্র ২ জন।
সাদিকার এই অর্জন আকস্মিক নয়, বরং এটি তার ধারাবাহিক সাফল্যেরই অংশ। এর আগে প্রাতিষ্ঠানিক প্রতিটি ধাপে সে মেধার স্বাক্ষর রেখেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেছিল এই প্রতিভাবান শিক্ষার্থী।
সাদিকার এই ধারাবাহিক সাফল্যে তার পরিবার, বিদ্যালয় পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। নিজের এই অর্জনে শিক্ষক ও মা-বাবার অবদানের কথা স্মরণ করে সাদিকা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের সেবা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সকলের কাছে দোয়া চেয়েছে।