
চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে দিল কন্যাসন্তান। ভাইরাল হওয়া সেই ভিডিওর সূত্র ধরে ওই পরিবারের খোঁজে ছুটে গেছে সেবামূলক সংগঠন 'ওয়াব টিম' (WAB Team)। মানবিক এই কাজে তাদের সহযোগিতা করছে উজিরপুর থানা পুলিশ।
মূলত অনিক শিকদার কোনো চোর নন। তার বাবা একসময় সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। তিনি অসুস্থ হওয়ার পর তার চিকিৎসায় সহায়-সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। এই কঠিন পরিস্থিতিতে অনিক কিছুটা পথভ্রষ্ট (নেশাগ্রস্ত) হয়ে পড়েছিল। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেট ও সুবিধাভোগী একটি চক্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে যে কারও মন কেঁদে উঠবে। ঘটনার সত্যতা ও তথ্য যাচাই করতে ওয়াব টিম তাদের বরিশাল টিমকে বিষয়টি অবহিত করে। এরপর ওয়াবের স্বেচ্ছাসেবকরা ছুটে যান ছোট্ট মেয়েটির কাছে। মেয়েটির নাম 'তুবা'—খুবই মিষ্টি একটি মেয়ে। সে আকুতি জানিয়েছে, যেন তার বাবাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। অনিক শিকদারও তার ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আলোর পথে ফিরে আসতে চান।
তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে ওয়াব টিম। বিষয়টি নিয়ে উজিরপুর থানা পুলিশের সঙ্গে কথা বলেছেন টিমের সদস্যরা। উজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বিষয়টিতে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সার্বিক সহযোগিতার পাশাপাশি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
গ্রামাঞ্চলে যাতায়াত ও জীবিকার কথা চিন্তা করে অনিক শিকদার একটি অটোভ্যান চেয়েছেন। WAB Foundation-এর পক্ষ থেকে একটি অটোভ্যান কিনে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি মেয়েটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। এছাড়া সমাজের অনেক হৃদয়বান ব্যক্তিও এই পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন—ইনশাআল্লাহ।