
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ গ্রামে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে চুরির এক অদ্ভুত ঘটনা ঘটে। প্রতিবেশী বেবী আক্তার (৩৫) নামের এক নারী আব্দুর রসিদের ঘরে ঢুকে চা খাওয়ার আবদার করেন। গৃহকর্ত্রী সাফিয়া বেগম (৫৬) চা তৈরি করতে রান্নাঘরে গেলে সুযোগ বুঝে তিনি মূল্যবান মালামাল বস্তায় ভরতে শুরু করেন।
বিষয়টি টের পেয়ে গৃহকর্ত্রী বস্তায় কী আছে তা জানতে চাইলে বেবী আক্তার ক্ষিপ্ত হয়ে যান। এ সময় চা বানানোর জন্য চুলায় থাকা গরম পানি সাফিয়ার মুখের ওপর ছুড়ে মারেন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আহত সাফিয়া বেগমকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মুখমণ্ডল, গলা, হাত ও বুক ঝলসে গেছে। সুস্থ হতে সময় লাগবে, তবে সৌভাগ্যবশত তাঁর চোখ রক্ষা পেয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক বেবী আক্তার বলেন, "চুরি করার সময় দেখে ফেলায় নিজেকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে গরম পানি নিক্ষেপ করা আমার ঠিক হয়নি, আমার ভুল হয়েছে।"
ঘটনার পর আহত গৃহকর্তীর ছেলে নূর নবী মিন্টু বাদী হয়ে ১৮৬০ সালের পেনাল কোডের ৩০৭ ও ৩২৬(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার বেবী আক্তারের গ্রামের বাড়ি ভাটিয়ারীর উত্তর কাঁচাবাজার এলাকায় হলেও তিনি আমিরাবাদ গ্রামের মামুনের বাড়িতে ভাড়া থাকতেন। একজন নিরীহ নারীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকাবাসী তাঁর কঠোর বিচার দাবি করেছেন।