
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
মাদক মানবদেহের জন্য যেমন ক্ষতিকারক, তেমনি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। মাদকের বিস্তার রোধে পাড়ায়-মহল্লায় সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।
শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানাধীন লতিফপুর সাইক্লোন সেন্টারে ‘মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং বিএনপি নেতা নুরুল আজমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুজ্জামান বলেন, “প্রতিবেশী দেশ থেকে ভয়ংকর মাদক প্রবেশ করিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই যুবসমাজকে মাদকমুক্ত রাখা জরুরি। সঠিক তথ্যের অভাবে অনেক সময় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে না। তাই প্রতিটি পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, “সন্তানের ওপর নজর রাখুন—তারা সময়মতো পড়াশোনা ও খেলাধুলা করছে কি না এবং যথাসময়ে বাড়ি ফিরছে কি না তা খেয়াল রাখুন। আপনাদের যেকোনো প্রয়োজনে পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”
সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, সাংবাদিক নেতা রোবেল খান, কাইছারুল আলম, লিয়াকত আলী, মো. বাবুল এবং খায়রুল বশর প্রমুখ।
সভা শেষে অতিথিরা এলাকার চিহ্নিত অপরাধপ্রবণ স্থানগুলো পরিদর্শন করেন এবং মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় লোকজনকে জনসচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা দেন।