
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের উপকূল থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টা ১০ মিনিটের দিকে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। পরনে ছিল লাল গেঞ্জি ও নীল হাফপ্যান্ট। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। কারো স্বজন নিখোঁজ থাকলে পোশাক ও বর্ণনার সঙ্গে মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা চমেক মর্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।