
কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার প্রবাসী মো. কামাল উদ্দিন (সাদ্দাম) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ সলিমপুর, ফকিরহাট পশ্চিমপাড়া) মরহুম আবদুল মোনাফের দ্বিতীয় পুত্র।
আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ আগস্ট) কাজ শেষে বাসায় ফেরার পথে সুয়েগ এলাকায় সড়ক পার হয়ে একটি গ্যারেজের সামনে দাঁড়িয়েছিলেন কামাল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন। মাত্র দুই মাস আগে ছুটি কাটিয়ে তিনি কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কামালের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন নিহতের বৃদ্ধা মা ও স্ত্রী। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই ও বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের বড় ভাই গুলজার হোসেন জানিয়েছেন, কুয়েতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মরহুম কামালের মরদেহ আগামীকাল শুক্রবার সকালে চট্টগ্রামে এসে পৌঁছাবে এবং নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে।