
কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, সচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে কর্ণফুলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন কিশোরী অংশগ্রহণ করে।
সেমিনারে সভাপতিত্ব করেন কর্ণফুলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার জনি রোজারিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী। সেমিনারের মূল বক্তা ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের পরিচালক নাসরিন সুলতানা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেছা রূপসা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, প্রোগ্রাম অফিসার রীতা দোলন রোজারিও ও শারমিন আক্তার এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার রিপা চাকমা। কিশোরীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ও মতামত তুলে ধরে ইয়ুথ লিডার ফারিন আক্তার ও আখি আক্তার।
সেমিনারে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য অধিকার এবং বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের ক্ষতিকর প্রভাব, মানসিক স্বাস্থ্য, আত্মসুরক্ষা এবং প্রয়োজনের সময় যথাযথ স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
কৈশোরকালীন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য গ্রহণে কিশোরীদের উৎসাহিত করা হয়। আলোচনায় কিশোরীরা নিজেদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য ইতিবাচক আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আয়োজকরা বলেন, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা কিশোরীদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। সেমিনারের শেষ পর্যায়ে কিশোরীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।