
‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় আজ থেকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ই আগস্ট পর্যন্ত। এ উপলক্ষে জেলার গংগাচড়া ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনীর আয়োজন করা হয়।
এদিকে, কুড়িগ্রামের রৌমারী উপজেলায়ও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত হয়েছে। সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সপ্তাহের তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।