
কুড়িগ্রাম জেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ‘রিভার ভিউ হাই স্কুল’-এ বৃষ্টির দিনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। দিনভর মেঘলা আকাশ ও ঝুমঝুম বৃষ্টি থাকলেও প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও সামাজিক কার্যক্রমে কোনো ভাটা পড়েনি।
সোমবার (২৯ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল সবুজ পৃথিবী গড়ার নানা বার্তা— "গাছ লাগান-দেশ বাঁচান", "সবুজ বাঁচলে-পৃথিবী বাঁচবে", "একটি গাছ লাগান-হাজার জীবন বাঁচান", "সবুজ পৃথিবী-সুস্থ জীবন" এবং "পরিবেশ রক্ষা করুন-ভবিষ্যৎ নিরাপদ করুন।"
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বাদলের মাতাল ছন্দে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা ফলজ, বনজ, ঔষধি ও কাষ্ঠলসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন। এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজ উদ্দিন, শাহাদত হোসেন, কাইয়ুম আলী, ফিরোজা বেগম, আশরাফী বিনতে ইসলাম, আব্দুর রশিদ সরকার, শামীরা আক্তার; সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম, রাজিয়া সুলতানা, ফরিদ উদ্দীন, রাশেদুজ্জামান, হাবিবুর রহমান, তাফরিফা আক্তার, কফিল উদ্দিন, খাদিজা খাঁন কান্তা; অফিস সহকারী আব্দুল খালেক, কম্পিউটার ল্যাব অপারেটর আশিকুর রহমান এবং এমএলএসএস আব্দুল মোনায়েম, বসুদেব দাস ও নৈশ প্রহরী আব্দুর রহিম টিটু প্রমুখ।
কর্মসূচি শেষে প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, "পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পতিত জায়গা, বাড়ির চারপাশ ও স্কুল আঙিনায় সবুজের সমারোহ গড়ে তুলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।"