জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মানহানির অভিযোগে কালের কণ্ঠ ও যুগান্তরসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।
রাজধানীর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) ৩২ নং আদালতে মামলাটি দায়ের করলে আদালত পিবিআই’কে তদন্ত করার আদেশ দেন।
মামলাটি দায়ের করেন তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ও এলডিপির সাংগঠনিক সম্পাদক এইচ এম নুরে আলম। মামলায় আসামি করা হয়েছে কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রকাশক সালমা ইসলাম এবং চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকিরকে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করে বাদীর সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ‘কালের কণ্ঠ’ ও ‘যুগান্তর’ অনলাইন সংবাদ প্রকাশ করে।
ওই সংবাদের শিরোনাম ছিল—“জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: কর্নেল অলি।”
কিন্তু কর্নেল অলি দাবি করেছেন, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। বরং তাঁর বক্তব্যের বিকৃতি ঘটিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, সংবাদটি প্রকাশের পর তিনি সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষকে মিথ্যা প্রতিবেদন প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু তা প্রত্যাহার না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।
বাদী অভিযোগ করেছেন, মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁর ও দলের নেতাকর্মীদের সামাজিক, মানসিক ও রাজনৈতিক ক্ষতি হয়েছে, যা অর্থমূল্যে নির্ধারণ করা সম্ভব নয়।
মামলাটি দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় দায়ের করা হয়েছে, যা মানহানি সম্পর্কিত ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। আদালত বিষয়টি আমলে নিয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবেন বলে জানা গেছে।